ভিয়েতনামে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি, সরানো হচ্ছে লাখো মানুষ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে প্রবল শক্তিশালী ঝড় কাজিকি। প্রাণহানি এড়াতে ইতোমধ্যেই প্রায় ৬ লাখ মানুষের বেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় ১৬৬ কিলোমিটার পর্যন্ত ছুঁয়েছে। সোমবার (২৫ আগস্ট) এটি স্থলভাগে আঘাত হানার সময় আরও তীব্র রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ সতর্কতা জারি করা হয়েছে থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাগ প্রদেশে। এ ছাড়া দেশের ভেতরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং সমুদ্রে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঝড়টি চীনের হাইনান দ্বীপ অতিক্রম করার পর প্রচণ্ড বর্ষণ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা প্রায় ৩২০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর উপকূলে প্রবেশ করলে জলোচ্ছ্বাসের উচ্চতা ২ থেকে ৪ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যদিও তাইওয়ানের দিকে অগ্রসর হলে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও বাতাসের গতি তখনও ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে ভিয়েতনাম কর্তৃপক্ষ। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ ঝড় পর্যটকবাহী জাহাজ, মাছ ধরা নৌকা ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।
এদিকে জাতীয় বিমানসংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স রোববার ও সোমবারের মোট ২২টি ফ্লাইট বাতিল করেছে। দেশটির ইতিহাসে গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগি-র মতোই ভয়াবহ হতে পারে এ ঝড়টি। ইয়াগির আঘাতে শুধু ভিয়েতনামেই অন্তত ৩০০ জন প্রাণ হারিয়েছিলেন।
🌐 সংবাদ পরিবেশনা:NexGen নিউজ ডেস্ক
