৭২ ঘণ্টায় ২০ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা, ফারাক্কা বাঁধের পানি ছাড়ার প্রভাব
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১৫ থেকে ২০টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার দাবি, এই বন্যার পেছনে রয়েছে ভারতের তথাকথিত ‘পানি সন্ত্রাস’।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
পলাশের ভাষ্যমতে, বৃহস্পতিবার থেকে আগামী এক দিনের মধ্যে ৫-১০ জেলা এবং তিন দিনের মধ্যে ১৫-২০ জেলা বন্যায় আক্রান্ত হতে পারে। তিনি আরও বলেন, “বাংলাদেশ কি আবারও ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে? ১১ আগস্ট আমি বড় ধরনের বন্যার আশঙ্কার কথা জানিয়েছিলাম, তবে তখন রাজনৈতিক বিতর্ক এড়াতে একটি গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিলাম। আজ তা প্রকাশ করতে বাধ্য হচ্ছি।”
তার ব্যাখ্যায় জানা যায়, ভরা বর্ষায় ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা ও এর শাখা-উপশাখায় রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছিল ভারত— যা জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলেছে। ১২-১৩ আগস্টের ভারি বৃষ্টিতে গঙ্গার পানির স্তর বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। তার পূর্বাভাস অনুযায়ী, ১৫ আগস্টের মধ্যেই ফারাক্কা বাঁধের সব গেট খুলতে ভারত বাধ্য হবে— যা বাস্তবে ঘটে গেছে। রাজশাহীর স্থানীয়রা ১৩ আগস্ট থেকে গেট খোলার খবর নিশ্চিত করেছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, গেট খুলে অন্তত ১-২ সপ্তাহ পানি ছাড়া হতে পারে, যা পদ্মা নদী ও এর শাখা-উপনদীর তীরবর্তী জেলাগুলোকে বন্যাকবলিত করবে। ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে বুধবার থেকে প্রবাহিত পানি রাজশাহী ও খুলনা বিভাগের বহু এলাকায় প্লাবনের ঝুঁকি বাড়িয়েছে।
তার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার কিছু অংশে বন্যা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতিমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
পলাশ জানান, আগামী রবিবারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মোট ১৫-২০টি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।
বন্যা ২০২৫, ফারাক্কা বাঁধ, বাংলাদেশ বন্যা, আবহাওয়ার খবর, পদ্মা নদী, মোস্তফা কামাল পলাশ।